Print Date & Time : 28 October 2026 Wednesday 03:37 am

খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

image

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল বিতরণকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও চাল চুরির অভিযোগ উঠেছে। উপকারভোগীরা চাল না পেলেও ডিলারের বিক্রয় রেজিস্টারে ভুয়া স্বাক্ষর ও টিপসই দেখিয়ে চাল উত্তোলন হিসেবে দেখানো হয়েছে।

উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আমবাগান বাজারের ডিলার পয়েন্টে মারফত আলীর মালিকানাধীন ‘আল্লাহর দান’ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে চাল বিতরণের সময় এসব অনিয়ম প্রকাশ্যে আসে।

আন্ধারুপাড়া গ্রামের উপকারভোগী পারভীন সাংমা অভিযোগ করেন, আগস্ট মাসের বরাদ্দকৃত চাল কিনতে গেলে ডিলার তাকে জানান যে তার চাল আগেই উত্তোলন করা হয়ে গেছে। এমনকি রেজিস্টারে তার স্বাক্ষরও দেখানো হয়। তবে পারভীনের দাবি, তিনি চাল নেননি এবং তার নিজস্ব কার্ডেও ডিলারের কোনো স্বাক্ষর নেই। একইভাবে জমির উদ্দিন নামের আরেক উপকারভোগীর টিপসই নেওয়া হলেও চাল দেওয়া হয়নি। এ ছাড়া সুফিয়া খাতুন নামের একজনের কার্ড ‘দ্বৈত সুবিধাভোগী’ দেখিয়ে বাতিল করা হলেও পরিবারে অন্য কেউ ভাতা পান না বলে তিনি দাবি জানান। অন্তত ২০-২৫ জন উপকারভোগী এমন অনিয়মের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শামছুদ্দিন।

তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে ডিলার মারফত আলী জানান, সরকার থেকে অনেকের কার্ড দ্বৈত সুবিধার কারণে বাতিল করায় তাদের চাল দেওয়া সম্ভব হয়নি।

নালিতাবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম জানান, ঘটনাটি জানতে পেরে ডিলারকে ফোনে সতর্ক করা হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক জানান, অভিযোগ পাওয়া গেলে দ্রুত নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।  

—জা. অর্থনীতি/এলএটি