Print Date & Time : 08 November 2026 Sunday 09:03 am

বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ঘরের পাশে থাকা পুকুরের পানিতে ডুবে সৃজয়ী দাস নামের দুই বছর বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব লঘাটি গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত সৃজয়ী ওই গ্রামের শাওন দাসের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে সৃজয়ী নিজ ঘরে খেলাধুলার একপর্যায়ে স্বজনদের অগোচরে বের হয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে কোথাও না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির নিথর দেহ ভেসে উঠতে দেখেন তারা। দ্রুত উদ্ধার করে নিকটস্থ বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মাত্র দুই বছরের ফুটফুটে শিশুটির এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে এবং পূর্ব লঘাটি গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনা এড়াতে শিশুদের বিশেষ খেয়াল রাখা এবং জলাশয়ের চারপাশে সুরক্ষাবেষ্টনী তৈরির আকুতি জানিয়েছেন স্থানীয়রা। 

ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি