Print Date & Time : 27 October 2026 Tuesday 12:27 pm

শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান

image

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এর আগে গত ২ সেপ্টেম্বর অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—যেটি আগে ঘটে—সেই সময় পর্যন্ত পিএসসির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন।

জানা যায়, অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতা করেছেন।

এর আগে অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম গত ১৮ আগস্ট চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকেই পদটি শূন্য ছিল।

—জা.অর্থনীতি/আরএস