গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে জেলা সিভিল সার্জনের পরিদর্শনের খবর পেয়ে নিজেদের প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে তড়িঘড়ি করে পালিয়েছেন একাধিক ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও কর্মচারীরা।
রোববার (৬ সেপ্টেম্বর) চিকিৎসা সেবার মান যাচাই এবং অবৈধ ও অনুমোদনহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে তদারকির অংশ হিসেবে পলাশবাড়ী উপজেলার বিভিন্ন বেসরকারি চিকিৎসা কেন্দ্রে এ পরিদর্শন পরিচালনা করেন গাইবান্ধার সিভিল সার্জন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিভিল সার্জনের অভিযানের খবর ছড়িয়ে পড়তেই উপজেলার ‘রেখা ডায়াগনস্টিক সেন্টার’ ও ‘লামিয়া ডায়াগনস্টিক সেন্টার’সহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা মূল ফটকে তালা দিয়ে দ্রুত চম্পট দেন।
পরবর্তীকালে সিভিল সার্জন ‘আলোক ডায়াগনস্টিক সেন্টার’ এবং ‘নিউ লাইফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি প্রতিষ্ঠানগুলোর ল্যাবরেটরি, সার্বিক পরিবেশ ও প্রশাসনিক নথিপত্র পরীক্ষা করেন এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সিভিল সার্জন জানান, সাধারণ মানুষের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং অনুমোদনহীন প্রতিষ্ঠানের অবৈধ দৌরাত্ম্য বন্ধে এ ধরনের সারপ্রাইজ পরিদর্শন ও তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
—জা. অর্থনীতি/এলএটি