Print Date & Time : 08 November 2026 Sunday 02:36 am

সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ

image

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন নব্বইয়ের দশকের এই জনপ্রিয় অভিনেতা। তার অকালপ্রয়াণের তিন দশক পেরিয়ে গেলেও দর্শকের হৃদয়ে তার জনপ্রিয়তা এতটুকু ম্লান হয়নি। বরং সময়ের সঙ্গে সালমান শাহ হয়ে উঠেছেন নব্বইয়ের দশকের রোমান্টিকতা, ফ্যাশন ও নস্টালজিয়ার অন্যতম প্রতীক।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। শৈশবের একটি বড় সময় সিলেটের দারিয়াপাড়ায় নানাবাড়িতে কাটে। সেই বাড়িটিই পরবর্তী সময়ে ভক্তদের কাছে ‘সালমান শাহ হাউজ’ হিসেবে পরিচিতি পায়।

শিল্পী পরিবারে বেড়ে ওঠা সালমান অভিনয়ে আসেন মঈনুল আহসান সাবেরের ধারাবাহিক নাটক ‘পাথর সময়’-এর মাধ্যমে। তবে ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিষেকের পর বড় পর্দায় তার তারকাখ্যাতি দ্রুত ছড়িয়ে পড়ে।

মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে মৌসুমী, শাবনাজ, লিমা, শিল্পী ও শাবনূরের সঙ্গে একাধিক সফল সিনেমায় অভিনয় করেন তিনি। বিশেষ করে শাবনূরের সঙ্গে তার জুটি দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।

অভিনয়ের পাশাপাশি স্বতন্ত্র পোশাক-পরিচ্ছদ ও ফ্যাশন সচেতনতার কারণে তরুণদের মধ্যেও তিনি তৈরি করেছিলেন আলাদা প্রভাব। মৃত্যুর ৩০ বছর পরও টেলিভিশনে তার সিনেমা কিংবা গান প্রচার হলে দর্শকের আগ্রহ প্রমাণ করে-সালমান শাহর তারকাখ্যাতি সময়ের সীমা পেরিয়ে আজও অমলিন।

জা.অর্থনীতি/এসআই