ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভালুকা মহিলা কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভান্ডাব রোডে কলেজের নিজস্ব জমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) পরিচালক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ড. আতিকুর ইসলাম পাঠান।
প্রধান অতিথির বক্তব্যে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, নারীদের শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ মহিলা কলেজ হিসেবে গড়ে তুলতে সব ধরণের পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে প্রয়োজন হলে এখানে আরও বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
ভবন নির্মাণ ও অবকাঠামোগত পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, মূল নকশা অনুযায়ী ভবন নির্মাণের আগে জায়গার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে কলেজের আশপাশের জমি ক্রয়ের সুযোগ রাখা হবে। তাই ভবন নির্মাণের সার্বিক কাজ শেষ না হওয়া পর্যন্ত সীমানা প্রাচীর বা গেট তৈরি না করে পরবর্তী সময়ে মাঠ, সীমানা প্রাচীর ও প্রবেশপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
নতুন এ একাডেমিক ভবন চালুর ফলে কলেজের শিক্ষা কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি