কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, সকালে কুষ্টিয়া থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা ‘গড়াই পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস কেয়াবাগ এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি বিকট শব্দে সড়কের পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী মারাত্মক আঘাত পান।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ওসি জানান, খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পুলিশি টিম পাঠানো হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।
—জা. অর্থনীতি/এলএটি