Print Date & Time : 08 November 2026 Sunday 01:50 am

তথ্য চাওয়ায় সাংবাদিক লাঞ্ছিত, ভাঙা হলো ফোন

image

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তথ্য চাইতে গিয়ে পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের হাতে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল মনসুর। এ সময় ওই সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের বাসাবাড়ি এলাকায় অবস্থিত ময়মনসিংহ পৌর ভূমি অফিসে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিকার ও ন্যায়বিচার চেয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক আবুল মনসুর।

ঘটনার বিবরণ দিয়ে সাংবাদিক আবুল মনসুর জানান, চর কালীবাড়ি এলাকার হাজেরা খাতুন নামের এক বৃদ্ধা অভিযোগ করেন যে পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালাম তার কাজ করে দেওয়ার নামে ২৪ হাজার টাকা ঘুষ নিয়েছেন, কিন্তু কাজ করেননি। ওই অভিযোগের সত্যতা যাচাই ও নায়েবের বক্তব্য নিতে তিনি কার্যালয়ে যান। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নায়েব তীব্র ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং দরজা বন্ধ করার নির্দেশ দিয়ে কর্মচারীদের “দড়ি এনে বেঁধে ফেলার” হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে নায়েব ও তার পিয়নসহ কয়েকজন কর্মচারী একজোট হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলেন। তিনি জানান, সরকারি অফিসের অনিয়মের বিরুদ্ধে তথ্য নিতে গিয়ে এমন হামলা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সমস্ত চিত্র অফিসের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা রয়েছে বলেও জানান তিনি।

ঘটনার পরপরই স্থানীয় এসি ল্যান্ডকে বিষয়টি জানানো হলে তার পরামর্শে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে উনাকে না পেয়ে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগে হামলার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা, ভাঙা ফোনের ক্ষতিপূরণ এবং বৃদ্ধার কাছ থেকে নেওয়া ২৪ হাজার টাকার ঘুষের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।  

—জা. অর্থনীতি/এলএটি