Print Date & Time : 26 October 2026 Monday 03:34 am

শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ উল্টে নিহত ১

image

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে পথচারীদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে শিবচর থানায় কর্মরত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য আবদুস সালাম কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার গজারিয়া ইউনিয়নের পশ্চিম চর করমশি গ্রামের আবদুল বারেক ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, শিবচর থানার পুলিশের একটি পিকআপ মাদারীপুর জাজমেন্ট আদালতে আসামি পৌঁছে দিয়ে বিকেলে শিবচরের দিকে ফিরছিল। পথিমধ্যে পখিরা এলাকায় পৌঁছালে হঠাৎ সড়কের ওপর চলে আসা ৭ বছর বয়সী শিশু ইমা আক্তার ও তার বাবা ইব্রাহিম সরদারকে রক্ষা করতে গিয়ে দ্রুতগতির গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান। পিকআপটি মারাত্মক গতিতে সড়কের পাশে উল্টে গেলে আবদুস সালাম গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় গাড়িতে থাকা আরও চার পুলিশ সদস্য আহত হন। পাশাপাশি পথচারী ইমা আক্তার, তার বাবা ইব্রাহিম সরদারসহ স্থানীয় আরও ৫ জন গুরুতর আঘাত পান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় চার পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, "প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আমাদের একজন সহকর্মী নিহত এবং চারজন আহত হয়েছেন। পাশাপাশি কয়েকজন স্থানীয় অধিবাসীও আহত হয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।"  

—জা. অর্থনীতি/এলএটি