অনলাইন ডেস্ক: প্রস্তাবিত নবম পে-স্কেলে অনুমোদনের পর এখন সর্বস্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চোখ প্রজ্ঞাপন জারির দিকে। আগামী রোববার এ প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার। এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভা নতুন বেতন কাঠামো অনুমোদন করে।
নতুন পে-স্কেলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা। ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ এ গ্রেডে বেতন বাড়ছে ১৪২ শতাংশ। অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হবে ১ লাখ ৫৬ হাজার টাকা।
নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে নতুন বেসিক একবারে পুরোপুরি কার্যকর হবে না। চলতি ২০২৬-২৭ অর্থবছরেই তিন ধাপে নতুন বেতন বাস্তবায়ন করা হবে।
তিন ধাপে বাড়বে মূল বেতন
১০ম থেকে ২০তম গ্রেডে বেতনের বাড়তি অংশের ৫০ শতাংশ প্রথম ধাপে, ২৫ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ২৫ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর হবে।
আর প্রথম থেকে নবম গ্রেডে বাড়তি বেতনের ৪০ শতাংশ প্রথম ধাপে, ৩০ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ৩০ শতাংশ তৃতীয় ধাপে যোগ হবে।
উদাহরণ হিসেবে, ২০তম গ্রেডের বেসিক ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হবে। প্রথম ধাপে বেসিক হবে ১৪ হাজার ১২৫ টাকা। দ্বিতীয় ধাপে হবে ১৭ হাজার ৬২ টাকা ৫০ পয়সা এবং তৃতীয় ধাপে চূড়ান্ত বেসিক হবে ২০ হাজার টাকা।
প্রথম গ্রেডে বর্তমান ৭৮ হাজার টাকা থেকে বেসিক হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। তিন ধাপে বেসিক হবে যথাক্রমে ১ লাখ ৯ হাজার ২০০ টাকা, ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা এবং ১ লাখ ৫৬ হাজার টাকা।
নবম গ্রেডের বেসিক ২২ হাজার টাকা থেকে বেড়ে হবে ৪৪ হাজার টাকা। তিন ধাপে তা হবে ৩০ হাজার ৮০০ টাকা, ৩৭ হাজার ৪০০ টাকা এবং ৪৪ হাজার টাকা।
—জা. অর্থনীতি/এএইচএ