Print Date & Time : 07 November 2026 Saturday 09:42 am

হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করতে চান ট্রাম্প

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে পরিবর্তিত নামের একটি মানচিত্রের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে হোয়াইট হাউস।

বুধবার (২ সেপ্টম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প প্রশ্ন করেন, যেহেতু হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তাই এর নাম ‘ট্রাম্প প্রণালি’ করা উচিত কি না।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পণ্য এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। ইরান প্রণালিটি ব্যবহারকারী বিদেশি বাণিজ্যিক জাহাজের কাছ থেকে টোল আদায়ের ঘোষণা দিলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো এর বিরোধিতা করে। একই সময়ে ইরানি বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

এক মাসের বেশি সময়ের অনানুষ্ঠানিক বিরতির পর রবিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সংঘাত শুরু হয়। সৌদি আরবের দুটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রমের সময় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায়।

এর আগে গুরুত্বপূর্ণ জলভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। ২০২৫ সালে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ এবং চলতি বছরের জুলাইয়ে লেক অন্টারিওর নাম ‘আমেরিকা লেক’ করার উদ্যোগ নেন তিনি।

সূত্র: এএফপি

জা.অর্থনীতি/এসআই