Print Date & Time : 07 November 2026 Saturday 06:16 pm

সিলেটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

image

সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে একটি ক্ষতিকর বোমা মেশিন ও ১২টি বারকি নৌকা জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২ সেপ্টেম্বর) গভীর রাত ও সকালে উপজেলার সারি-২ ও রাংপানি নদীতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সারি-২ নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ বোমা মেশিন উদ্ধার করা হয়। পরবর্তীতে সেটি বিকল করে নদীতে ডুবিয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। এরপর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজিবি ও পুলিশের সহায়তায় উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদীতে দ্বিতীয় দফায় টাস্কফোর্স অভিযান চালানো হয়। এতে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের কাজে নিয়োজিত ১২টি বারকি নৌকা জব্দ এবং স্থানীয়দের সহায়তায় তা বিনষ্ট করা হয়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম জানান, "অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রাকৃতিক পরিবেশ ও নদীর তীরবর্তী এলাকা মারাত্মক হুমকিতে পড়ছে। সরকারি নির্দেশনা অমান্য করে অসাধু চক্র যাতে বালু তুলতে না পারে, সে ব্যাপারে প্রশাসন শূন্য সহনশীল নীতি গ্রহণ করেছে। পরিবেশ রক্ষায় এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত বজায় রাখা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

—জা. অর্থনীতি/এলএটি