Print Date & Time : 08 November 2026 Sunday 02:26 pm

সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক

image

সিলেট প্রতিনিধি: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৬৬ লাখ টাকারও বেশি মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তের বাংলাবাজার, সংগ্রাম, উৎমা, দমদমিয়া, পান্থুমাই, প্রতাপপুর, তামাবিল ও সোনারহাট বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) বিজিবি জওয়ানরা এসব পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা গরু ও মহিষ, মোবাইল ডিসপ্লে, কসমেটিকস, জিরা, সুপারি, তাজা ফল, চকলেট, চিনি, সবজি, কম্বল, বিস্কুট, সোয়ানপাপড়ি ও টাইগার বামসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। একই সময় সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের প্রাক্কালে বড় আকারের শিং মাছের একটি চালান আটক করতে সক্ষম হয় বিজিবির টহল দল। বিজিবির হিসেব মতে, আটক করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য (সিজার মূল্য) ৬৬ লাখ ৮ হাজার ৬ ৯০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত রক্ষা, চোরাচালান রোদ এবং অবৈধ মাদকদ্রব্য পাচার বন্ধে বিজিবির নিয়মিত আভিযানিক তৎপরতা ও গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে। সেই ধারাবাহিকতায় এই বড় সাফল্য এসেছে। আটককৃত চোরাচালানি মালামাল ও পণ্যের বিষয়ে প্রচলিত নিয়ম ও আইনি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেছে সীমান্ত রক্ষী বাহিনীটি।

—জা. অর্থনীতি/এলএটি