যশোর প্রতিনিধি: আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অণুজীববিজ্ঞান (এমবি) বিভাগ মাসব্যাপী বিভিন্ন ব্যতিক্রমী কার্যক্রম গ্রহণ করেছে।
১ সেপ্টেম্বর উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের হাতে সচেতনতামূলক লিফলেট হস্তান্তরের মাধ্যমে ‘এন্টিবায়োটিক রেজিস্টেন্স’ প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার।
বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজি (বিএসএম) ও জাস্ট-মাইক্রোবায়োলজি ক্লাবের সহযোগিতায় ১৫ সেপ্টেম্বর পর্যন্ত যশোরের স্থানীয়দের মাঝে সচেতনতা ক্যাম্পেইন এবং শিক্ষার্থীদের জন্য ‘মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হবে।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ সেপ্টেম্বর শোভাযাত্রা ও গবেষণা প্রদর্শনী, ২৬ সেপ্টেম্বর ‘NEXTGEN MICROBIOLOGY II’ শীর্ষক দ্বিতীয় জাতীয় কনফারেন্স এবং ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জিনোম সেন্টারের সহযোগিতায় ‘এডভান্সড মাইক্রোস্কপি ও এডভান্সড মলিকুলার টেকনিকস’ বিষয়ক হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত হবে। উপাচার্য এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ও গবেষণায় উদ্বুদ্ধ করতে এ সময়োপযোগী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
—জা. অর্থনীতি/এলএটি