সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার তালতলা এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন একটি ডোবা থেকে কোহিনুর বেগম (৩৪) নামে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কোহিনুর বেগম উপজেলার খেলারডাঙা এলাকার মনসুর আলীর মেয়ে। সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান ঘটনাটি নিশ্চিত করেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাগুরা গ্রামের এক রড-সিমেন্টের দোকানের পিছনের ডোবায় এক নারীকে কালো বোরকা পরিহিত অবস্থায় ভাসতে দেখেন স্থানীয় এক কর্মচারী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, সকালে স্থানীয় বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের ভ্যানচালক কর্মচারী শরিফুল ইসলাম কাছেই মুকুলের রড-সিমেন্টের দোকানের পেছনে যান। এ সময় পাশের বিলে এক নারীকে কালো বোরকা পরিহিত অবস্থায় পানিতে ভাসতে দেখে তিনি দোকান মালিককে খবর দেন। পরবর্তীতে ব্যবসায়ী আলমগীর হোসেন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত পুলিশকে অবহিত করেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও নিহতের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করে। মুঠোফোনের সূত্র ধরে পরবর্তীতে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।
ওসি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
—জা. অর্থনীতি/এলএটি