Print Date & Time : 26 October 2026 Monday 11:16 am

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন রোববার

image

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো এবং দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি আনতে ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে নির্মিত হচ্ছে লালদিয়া কনটেইনার টার্মিনাল। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) নির্মাণ হতে যাওয়া এ টার্মিনালের আনুষ্ঠানিক নির্মাণকাজের সূচনা হবে আগামীকাল রোববার।

চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া প্রকল্প এলাকায় সকাল ১১টায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত টার্মিনালের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা হবে প্রায় ৮ লাখ টিইইউ। পাশাপাশি নির্মাণ করা হবে প্রায় ৬১৫ মিটার দীর্ঘ জেটি।

টার্মিনালে আধুনিক কনটেইনার ইয়ার্ড, গেট, কার্গো হ্যান্ডলিং ব্যবস্থা এবং সর্বাধুনিক প্রযুক্তির শোর-টু-শিপ ক্রেন স্থাপন করা হবে। এর ফলে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো এবং পণ্য পরিবহনের কার্যক্রম আরও দ্রুত ও দক্ষ হবে।

ডেনমার্কের সহযোগিতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পকে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ক্রমবর্ধমান আমদানি-রপ্তানি বাণিজ্যের চাপ সামলানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের বন্দরসেবা নিশ্চিত করতে টার্মিনালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

নৌপরিবহন মন্ত্রণালয় বলছে, লালদিয়া টার্মিনালের মাধ্যমে শুধু বন্দরের অবকাঠামোগত সক্ষমতাই বাড়বে না, দেশের লজিস্টিকস ব্যবস্থার দক্ষতাও বাড়বে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজ ও দ্রুত হওয়ার পাশাপাশি বৈদেশিক বাণিজ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে।

প্রকল্পটির আওতায় কনটেইনার ইয়ার্ড, জেটি, প্রবেশ ও বহির্গমন গেট এবং আধুনিক কার্গো ব্যবস্থাপনা অবকাঠামো গড়ে তোলা হবে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বাস্তবায়িত প্রকল্পটি বাংলাদেশের অন্যতম বড় পিপিপি বিনিয়োগ হিসেবেও বিবেচিত হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, দেশি-বিদেশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যবসায়ী নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।

—জা.অর্থনীতি/জেআরটি