Print Date & Time : 25 October 2026 Sunday 02:26 am

সিরিয়ায় আদালতের বাইরে বোমা বিস্ফোরণে নিহত ২

image

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি আদালতের বাইরে বোমা বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) হাসাকাহ শহরের আদালত ভবনের বাইরে এ বিস্ফোরণ ঘটে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। বিস্ফোরণের কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তবে নিহতদের পরিচয় বা কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে হামলাকারীদের শনাক্তে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী কাজ করছে।

এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠে দুটি গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (২৮ আগস্ট) শহরটির বেইত জিন ও রেড হিলস এলাকার মধ্যবর্তী স্থানে গোলা দুটি নিক্ষেপ করা হয়। এতে কেউ হতাহত হয়নি।

গোলা দুটি কৃষিজমিতে গিয়ে পড়ে। এতে কোনো ধরনের হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৮ আগস্টও একই ধরনের হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। ওই দিন সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশের পশ্চিমাঞ্চলে ইয়ারমুক অববাহিকা এলাকায় একটি গোলা নিক্ষেপ করা হয়। গোলাটি আবিদিন শহরের পশ্চিমে একটি উপত্যকা লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

—জা.অর্থনীতি/জেআরটি