Print Date & Time : 08 November 2026 Sunday 06:49 am

নির্বাচনে অনিয়মের অভিযোগে বাস শ্রমিকদের সড়ক অবরোধ

image

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাস চালক ও শ্রমিকরা। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তারা কদমতলী রেলগেট এলাকায় সড়ক অবরোধ করেন।

শ্রমিকদের অভিযোগ, সকাল থেকে আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহণ চলছিল। বিকেলের দিকে দীর্ঘ সারি পেরিয়ে অনেক শ্রমিক ভোট দিতে গেলে তাদের জানানো হয়, ব্যালট পেপার শেষ হয়ে গেছে। এতে অন্তত ১০০ থেকে ১৫০ জন ভোটার ভোট দিতে পারেননি বলে দাবি করেন তারা।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোল শুরু হয়। একপর্যায়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন শ্রমিকরা। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

শ্রমিকদের দাবি, নির্বাচনে মোট ভোটার ৩ হাজার ৫৬১ জন। ভোটারদের নম্বর অনুযায়ী আলাদা বুথে ভোট নেওয়ার কথা থাকলেও কেন্দ্রে যথাযথ ব্যবস্থাপনা ছিল না। ফলে সকাল থেকেই ভোটকেন্দ্রে দীর্ঘ জটলা ও বিশৃঙ্খলা তৈরি হয়। এতে বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ শ্রমিকদেরও ভোগান্তিতে পড়তে হয়।

আন্দোলনে থাকা শ্রমিক রফিকুল ইসলাম অভিযোগ করেন, ভোটারদের কার্ড ও ভোটার নম্বর যথাযথভাবে যাচাই না করেই দ্রুত ভোট নেওয়া হয়েছে। অনেক বৈধ ভোটারকে ব্যালট দেওয়া হয়নি। আবার বহিরাগত ও ভুল ভোটার নম্বরের ব্যক্তিদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “একপর্যায়ে ব্যালট পেপার শেষ হয়ে গেছে জানিয়ে অনেক ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। নির্বাচন কমিশনের কাছে বিষয়টি জানতে চাইলেও সন্তোষজনক কোনো উত্তর পাওয়া যায়নি।”

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে গণ্ডগোলের পর শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোতোয়ালী, সদরঘাট ও ডবলমুরিং থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। তিনি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।”

এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে কদমতলী রেলগেট এলাকায় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে এই পথে চলাচলকারী সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

—জা.অর্থনীতি/জেআরটি