লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধরের চেষ্টা চালালে বিএসএফ সদস্যদের ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। ধস্তাধস্তির একপর্যায়ে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, আমঝোল সীমান্তে বাংলাদেশি কৃষকেরা নিজেদের ক্ষেতে কাজ করার সময় বিএসএফ সদস্যরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এসে তাদের মারধর করে। ঘটনাটি জানতে পেরে স্থানীয় গ্রামবাসীরা একজোট হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দেন। এতে বিএসএফ সদস্যরা অস্ত্র ও যোগাযোগযন্ত্র ফেলে ভারতের দিকে পালিয়ে যান।
সংবাদ পেয়ে বনচৌকী ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ফেলে রাখা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
পরবর্তীতে বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিএসএফের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠক শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
—জা. অর্থনীতি/এলএটি