Print Date & Time : 08 November 2026 Sunday 06:55 am

বাগেরহাটে অর্ধশতাধিক চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৪

image

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে অভিযান চালিয়ে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও ৩ জন পলাতক রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ফকিরহাট মডেল থানার একটি চৌকস দল সোমবার (২৪ আগস্ট) রাতে ফকিরহাট বাজারে অভিযান পরিচালনা করে। রাত ৯টা ৪০ মিনিটের দিকে বাজারের রেজাউর রহমান পলাশের ‘পুষ্প টেলিকম’ নামের মোবাইল ফোনের দোকানে অভিযান চালানো হয়।

অভিযানকালে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করা হয়েছিল। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব মোবাইল চোরাই বলে জানা যায়। এ সময় রেজাউর রহমান পলাশ (৩৪), মো. অহিদুল ইসলাম (২৬), চন্দন সাহা (৩০) ও মো. হুছাইন খানকে (২২) গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় মো. শিমুল শেখ (২৫), মো. শফিকুল ফকির (২২) ও তৌফিকুর রহমান (৩৪) পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নালিতাবাড়ীতে একদিনেই ৫ মরদেহ উদ্ধার

উদ্ধার করা মোবাইল ফোনগুলোর মধ্যে ভিভো ব্র্যান্ডের ১৪টি, টেকনো ব্রান্ডের ৮টি, ইনফিনিক্স ব্রান্ডের ৪টি, শাওমি ব্র্যান্ডের ৪টি, রিয়েলমি ব্র্যান্ডের ৪টি,  স‌্যামসং ব্র্যান্ডের ৮টি, অপো ব্র্যান্ডের ৩টিসহ বিভিন্ন মডেলের ফোন রয়েছে।

পুলিশ জানায়, চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন করে সেগুলো বিক্রি করা হতো বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। অভিযানে উদ্ধার হওয়া মোবাইলগুলো জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ৪ জনের মধ্যে রেজাউর রহমান পলাশের বিরুদ্ধে একটি নিয়মিত চুরি মামলা রয়েছে। অন্য ৩ জনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো পূর্ব মামলা থাকার তথ্য পাওয়া যায়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন করে বাজারজাত করার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এনজে