Print Date & Time : 08 November 2026 Sunday 07:37 am

পৈতৃক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

image

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পোড়াবাড়ীয়া গ্রামে প্রায় ৩৮ শতক পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মুঞ্জুরুল হক মুঞ্জুর বিরুদ্ধে। সম্পত্তি উদ্ধার ও জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. শফিক মিয়া অভিযোগ করেন, তার বাবা পরিবার নিয়ে দীর্ঘদিন সিলেটে বসবাসের সুযোগে পৈতৃক জমির (বসতভিটা, পুকুর ও ফসলি জমি) দেখাশোনার দায়িত্ব পান স্থানীয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তার চাচাতো ভাই মুঞ্জুরুল হক মুঞ্জু। কিন্তু কয়েক বছর ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি জমি ফেরত না দিয়ে উল্টো সন্ত্রাসীদের মাধ্যমে ভয়ভীতি ও হয়রানি করছেন।

শফিক মিয়া জানান, আদালতের রায় ও মালিকানার সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তারা জমিতে গেলে মুঞ্জু নারীদের লাঠিসোটা নিয়ে লেলিয়ে দেন। এমনকি আদালতে অঙ্গীকার করেও জমি থেকে সরছেন না অভিযুক্ত মুঞ্জু। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ এবং পরিবারের নিরাপত্তার দাবি জানান তারা।

অভিযোগের বিষয়ে কথা বলতে গেলে মুঞ্জুরুল হক মুঞ্জুর পরিবারের নারীরা চড়াও হওয়ায় তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

—জা. অর্থনীতি/এলএটি