Print Date & Time : 07 November 2026 Saturday 07:01 am

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের উদ্বেগ

image

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। 

শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী।

এতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। দেশের আলেম-উলামা ও তাওহীদি জনতার পক্ষ থেকে এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

 আরও পড়ুন:  নতুন রাষ্ট্রপতিকে হেফাজতে ইসলামের অভিনন্দন

এর আগের দিন ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল।

সংগঠনটির ভাষ্য, শামীম কায়সার লিংকন দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার বিরোধী মতাদর্শে বিশ্বাসী।

হেফাজতে ইসলাম বলেছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত একটি ক্ষেত্র। এ মন্ত্রণালয়ের দায়িত্ব ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে দেওয়া উচিত বলে মনে করে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, এমন একজন ব্যক্তিকে দায়িত্ব না দিয়ে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হলে দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত লাগতে পারে।

 আরও পড়ুন: নিজ জেলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

সংগঠনটি শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে। একই সঙ্গে আলেম-উলামাদের সঙ্গে পরামর্শ করে একজন যোগ্য, অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

—জা.অর্থনীতি/এনজে