Print Date & Time : 07 November 2026 Saturday 05:14 pm

নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর লাল গোলাপ উপহার

image

অনলাইন ডেস্ক:  রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ভোটের ফল ঘোষণা করেন।

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

নির্বাচনী কর্মকর্তা এ এস এম নাসির উদ্দিন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। আমি ঘোষণা করছি, সর্বোচ্চ সংখ্যক ভোট পাওয়ায় রাষ্ট্রপতি হিসেবে তিনি যথাযথভাবে নির্বাচিত হয়েছেন।

ঘোষণার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথম করমর্দন করেন এবং তাকে লাল গোলাপ উপহার দেন। এ সময় পুরো সংসদ কক্ষের সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

এরপর পর নতুন রাষ্ট্রপতি হাত তুলে সব সংসদ সদস্যের উদ্দেশে সালাম জানান। সংসদ সদস্যরা তখনো টেবিল চাপড়ে তাকে অভিবাদন জানান।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিরোধী সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের কাছে এলে নতুন রাষ্ট্রপতি নিজের আসন থেকে উঠে বিরোধী দলের নেতার সঙ্গে কোলাকুলি করেন।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজের আসন থেকে এসে নতুন রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতার সঙ্গেও কোলাকুলি করেন। পুরো সংসদ কক্ষে সদস্যরা নিজ নিজ আসন থেকে এসে নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন।

নতুন রাষ্ট্রপতি একপর্যায়ে নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে করমর্দন করেন এবং অন্যান্য কর্মকর্তাকে সালাম জানান।

৩৪৯ ভোটারের মধ্যে ছয়জন সংসদ সদস্য ভোট প্রদান থেকে বিরত ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ ব্যালট ছিল ২৪৩টি। ৬টি ব্যালট অব্যবহৃত ছিল বলে জানান নির্বাচনী কর্মকর্তা।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ভোট গণনা শুরু হয় বিকেল ৫টা ২ মিনিটে।

ভোট গণনার সময়ে দুই প্রার্থীর এজেন্ট প্রধান হুইপ নুরুল ইসলাম মনি ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলামসহ হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ও রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।

—জা.অর্থনীতি/আইবিএম