Print Date & Time : 28 October 2026 Wednesday 05:50 am

হিসাব স্থগিতের পর সংশ্লিষ্ট হিসাবের তথ্য বিএফআইইউকে জানাতে হবে

image

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কোনো হিসাব স্থগিতের আদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট হিসাবের স্থিতি ও এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য হিসাবের তথ্য অবিলম্বে বিএফআইইউকে জানাতে হবে। দেশের সব রিপোর্ট প্রদানকারী সংস্থাকে এ নির্দেশনা দিয়েছে বিএফআইইউ।

বুধবার (১৯ আগস্ট) জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) এর ধারা ২(ব)-এ উল্লিখিত সব রিপোর্ট প্রদানকারী সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আলোকে প্রণীত মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর ২৬(৪) বিধি অনুযায়ী, বিএফআইইউ কোনো হিসাব স্থগিতের আদেশ দেওয়ার পর সংশ্লিষ্ট রিপোর্ট প্রদানকারী সংস্থাকে ওই হিসাবের স্থিতি এবং হিসাবটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের তথ্য অবিলম্বে বিএফআইইউকে জানাতে হবে।

অর্থাৎ, কোনো হিসাব স্থগিতের আদেশ পাওয়ার পর শুধু ওই হিসাবের তথ্য নয়, এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য হিসাবের তথ্যও দ্রুত বিএফআইইউকে সরবরাহ করতে হবে।

মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্য সরবরাহের প্রক্রিয়া আরও কার্যকর করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১)(ঘ) এবং সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ১৫(১)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

—জা.অর্থনীতি/আরএস