Print Date & Time : 08 November 2026 Sunday 05:53 pm

চট্টগ্রামে নারীদের জন্য চালু বিশেষ বাস

image

চট্টগ্রাম প্রতিনিধি: বন্দরনগরী চট্টগ্রামে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালক, হেলপার ও যাত্রী সবাই নারী সম্বলিত বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করা হয়েছে। ঢাকার ধারাবাহিকতায় এবার চট্টগ্রামেও বিআরটিসির আওতায় গোলাপী রঙের এই বিশেষ সার্ভিস শুরু হলো।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় নগরীর কালুরঘাট বেতারকেন্দ্র এলাকায় বেলুন উড়িয়ে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদউল্লাহ। 

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং বিআরটিএ ও বিআরটিসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আপাতত দুটি বাস দিয়ে এ সেবা চালু করা হয়েছে, যা কালুরঘাট থেকে ফ্রি পোর্ট হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে এবং পথে ১২টি নির্ধারিত পয়েন্টে যাত্রী ওঠানামা করবে। চালুকৃত বাস দুটির একটি ৭৫ আসনের দ্বিতল বাস, যেখানে একজন নারী চালক ও দুজন সহকারী থাকবেন; আর অন্যটি ৪৫ আসনের বাস, যেখানে একজন চালক ও একজন সহকারী দায়িত্ব পালন করবেন। এ উদ্যোগের ফলে চট্টগ্রাম নগরীর কর্মজীবী ও সাধারণ নারী যাত্রীদের গণপরিবহনে যাতায়াতের ভোগান্তি ও নিরাপত্তাহীনতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।  

—জা. অর্থনীতি/এলএটি