Print Date & Time : 25 October 2026 Sunday 04:29 am

ভারতীয় শিল্পপতির কারখানায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

image

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের ক্রিভি রিহ শহরে ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের লক্ষ্মী মিত্তালের মালিকানাধীন আর্সেলর মিত্তাল ইস্পাত কারখানায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে দুইজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। হামলায় কারখানার বিদ্যুৎ সরবরাহ ও ব্লাস্ট ফার্নেসের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন আংশিকভাবে বন্ধ হয়ে গেছে।

রবিবার (১৬ আগস্ট) এই হামলাটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে চালানো হয়। আর্সেলর মিত্তাল ক্রিভি রিহ ইউক্রেনের সবচেয়ে বড় সমন্বিত ইস্পাত উৎপাদন কমপ্লেক্সগুলোর একটি। হামলার পর প্রতিষ্ঠানটি আংশিক উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন অঞ্চলে শত শত ড্রোন হামলা চালায়। রুশ কর্মকর্তাদের দাবি, হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর দেশজুড়ে ৮২২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস বা প্রতিহত করা হয়েছে। তবে এসব সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ হামলাটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি বলে বর্ণনা করেন।

তার ভাষ্য অনুযায়ী, মস্কো অঞ্চলে একটি আবাসিক বাড়িতে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানলে ৮৩ বছর বয়সি এক ব্যক্তি নিহত হন। এছাড়া মস্কোর কাছে পোদলস্ক শহরে রাশিয়ার বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের একটি গুদামে হামলার পর আগুন ধরে যায়।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেন, রাজধানীর দিকে প্রায় ৬০০ ড্রোন এগিয়ে এসেছিল। এর একটি বড় অংশ মস্কো অঞ্চলের আকাশেই ধ্বংস করা হয়।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ অঞ্চলেও ১৫০টির বেশি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, সেখানে পাঁচজন নিহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি বাড়ি ও একটি রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হয় এবং একটি বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে।

সূত্র: এনডিটিভি