Print Date & Time : 07 November 2026 Saturday 06:38 pm

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

image

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে নিজ বাবা আবু বাক্কার সিদ্দিককে হত্যার দায়ে ছেলে মো. সেলিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় নিহতের স্ত্রী, অপর এক ছেলে ও পুত্রবধূকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মো. সেলিমকে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত সেলিম পলাতক ও আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ২৪ জুলাই কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্পযশোদল ভুরিরচর গ্রামের আবু বাক্কার সিদ্দিকের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রী আছিয়া খাতুনের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে ৩০ জুলাই রাতে ঘুমন্ত অবস্থায় আবু বাক্কার সিদ্দিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন সকালে সাজাপ্রাপ্ত সেলিম নিজেই বাবাকে হত্যার কথা স্বীকার করে চিৎকার করেন এবং আত্মহত্যার চেষ্টা চালান। পরে স্বজনেরা রক্তাক্ত অবস্থায় আবু বাক্কার সিদ্দিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত আবু বাক্কারের ছোট ভাই মো. আবু হানিফ বাদী হয়ে সেলিমসহ পরিবারের চার সদস্য ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামি সেলিমের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় আছিয়া খাতুন, জাবেদ ও ময়না খাতুনকে খালাস দেন।

কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নাজির মোহাম্মদ জাহাঙ্গীর আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

—জা. অর্থনীতি/এলএটি