Print Date & Time : 08 November 2026 Sunday 02:52 am

ধান ক্ষেত থেকে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

image

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে ধান চাষের বিল থেকে মোহাম্মদ জালাল (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোলতান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উত্তর বড় বিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জালাল ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের আবু সৈয়দের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জালাল বাড়ি বাড়ি ঘুরে ভাঙ্গারী জিনিসপত্র কেনাবেচার কাজ করতেন। সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে পরিবারের সদস্যরা বিলের মধ্যে তার মরদেহ পড়ে থাকার বিষয়টি শনাক্ত করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মহেশখালী থানার ওসি আবদুস সোলতান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

—জা. অর্থনীতি/এলএটি