Print Date & Time : 28 October 2026 Wednesday 05:28 am

জালিয়াতির অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

image

যশোর প্রতিনিধি: জমি আত্মসাতের উদ্দেশ্যে জাল দলিল তৈরি ও প্রতারণার অভিযোগে যশোরের সাবেক সাব-রেজিস্ট্রারসহ নয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) চাঁচড়া রাজবাড়ি এলাকার আলমগীর সিদ্দিক বাদী হয়ে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। বিচারক সঞ্জয় পাল অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে আদেশ দিয়েছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক সাব-রেজিস্ট্রার কাজী রুহুল আমিন, নূর ইসলাম মোল্লা, ডা. মোসলেম উদ্দিন, দলিল লেখক আতাউর রহমান, আবুল বাশার, শাহাজান আলী এবং দলিল শনাক্তকারী মো. মতিয়ার রহমান।

মামলার বিবরণীতে জানা যায়, চাঁচড়া মৌজায় ১ একর ৩৯ শতক জমি ওয়ারিশ সূত্রে বাদীসহ ১৯ জন শরিক ভোগদখল করে আসছিলেন। তবে সরকারি খাজনা দিতে গিয়ে বাদী জানতে পারেন, তাদের অজান্তে ২০১২ সালে জাল স্বাক্ষর ও ভুল তথ্য ব্যবহার করে কয়েকটি ‘ভ্রম সংশোধন’ দলিল তৈরি করা হয়েছে। পরবর্তীতে এই জাল দলিলের মাধ্যমে জমি হস্তান্তরের চেষ্টা করা হলে প্রতারণার বিষয়টি উন্মোচিত হয় এবং ক্ষুব্ধ মালিক পক্ষ আদালতের শরণাপন্ন হন।

—জা. অর্থনীতি/এলএটি