Print Date & Time : 28 October 2026 Wednesday 05:47 am

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

image

মৌলভীবাজার প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) হলের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বুধবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে কবি কাজী নজরুল ইসলাম হলের পাশের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ডুবে যান তারা। সহপাঠীরা তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার হয়ে নগরের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীরা হলেন- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শান্ত দেব ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী অর্ণব দত্ত (চমক)। দুজনের বাড়িই মৌলভীবাজার জেলায়।

অধ্যাপক জানান, একই পুকুরে বার বার দুর্ঘটনার কারণে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুকুরটির পানি সেচে ফেলা এবং বাঁশ দিয়ে ঘেরা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই একই পুকুরে ডুবে অর্ণব সাহা নামে যন্ত্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ফের দুই শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

—জা. অর্থনীতি/এলএটি