Print Date & Time : 07 November 2026 Saturday 01:59 pm

৮৬ কোটির পাম্প অকেজো: কাউয়াদীঘিতে ডুবছে আমন ক্ষেত

image

মৌলভীবাজার প্রতিনিধি: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় মৌলভীবাজারের রাজনগরে কাউয়াদীঘি হাওরপাড়ের প্রায় ১৯৮ হেক্টর জমিতে আমন চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। প্রায় এক মাস ধরে পানি না কমায় সময়মতো জমি প্রস্তুত করতে না পেরে বিপাকে পড়েছেন হাজারো কৃষক।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এলাকা ঘুরে জানা গেছে, জলাবদ্ধতা নিরসনে ১৯৮৬ সালে কাশিপুরে নির্মিত পাম্প হাউসটি ২০১৭ সালে প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়। কিন্তু বিদ্যুৎ সমস্যার অজুহাতে নিয়মিত পাম্প না চালানোয় পানি নামছে না বলে অভিযোগ স্থানীয়দের। এতে ধানের বীজতলা নষ্ট হতে বসেছে এবং বোরো হারানোর পর এবার আমন নিয়েও চরম লোকসানের আশঙ্কায় রয়েছেন তারা।

রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান, জলাবদ্ধতায় এখন পর্যন্ত ১৯৮ হেক্টর আমন জমি পানির নিচে রয়েছে।

তবে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ জানান, বিদ্যুৎ সংকট এবং কুশিয়ারা নদীর পানি হাওরের চেয়ে উঁচুতে প্রবাহিত হওয়ায় দ্রুত পানি নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না। পাম্প চালিয়ে পানি কমানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।

—জা. অর্থনীতি/এলএটি