Print Date & Time : 24 October 2026 Saturday 01:13 am

বাকৃবিতে অটোমেশনের নতুন যুগ, চালু ৩ ডিজিটাল সেবা

image

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও পেপারলেস করার লক্ষ্যে দুটি সফটওয়্যার ও একটি মোবাইল অ্যাপ চালু করেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। এর মাধ্যমে এখন থেকে মাস্টার্স পরীক্ষার বিল ও সম্মানী গ্রহণ, পিএইচডি ভর্তি প্রক্রিয়া এবং আইওএস ব্যবহারকারীদের জন্য ই-ডায়েরি ব্যবহারের সুযোগ অনলাইনে উন্মুক্ত হলো।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এসব ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন তিন সেবার কার্যকারিতা তুলে ধরা হয়। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ইআরপি (ERP) সিস্টেম ব্যবহার করে শিক্ষকেরা কাগজের ঝমেলা ছাড়াই মাস্টার্স পর্যায়ের সব ধরনের পারিতোষিক বিল অনলাইনে জমা দিতে পারবেন।

এ ছাড়া ‘মাই-বাউ (MyBAU)’ নামের নতুন অ্যাপটির মাধ্যমে অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস (iOS) ব্যবহারকারীরা বাকৃবির ডিজিটাল ই-ডায়েরি ব্যবহার করতে পারবেন। অন্যদিকে পিএইচডিতে ভর্তিচ্ছুর আবেদন, ভর্তি ফরম পূরণ ও ফি প্রদানসহ সব কার্যক্রম এখন থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটেই সম্পন্ন করা যাবে।

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী বলেন, "বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসার ধারাবাহিকতায় এই সেবাগুলো চালু করা হয়েছে। এতে প্রশাসনিক কাজে গতিশীলতা আসবে এবং সময় সাশ্রয় হবে।"

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, "ডিজিটাল উদ্যোগগুলোর মাধ্যমে বাকৃবির সেবা কার্যক্রম আরও দ্রুত, জবাবদিহিমূলক ও গতিশীল হবে। স্মার্ট ক্যাম্পাস গঠনে এটি একটি বড় পদক্ষেপ।"

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি