লালমনিরহাট প্রতিনিধি: চলতি আমন মৌসুমে চাহিদামতো সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধ কৃষকেরা।
সোমবার (১০ আগস্ট) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ বাজারে কয়েক হাজার কৃষক রাজপথে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
কৃষকদের অভিযোগ, আমন ধান রক্ষায় প্রয়োজনীয় সার সংগ্রহ করতে তারা স্থানীয় ‘মাধু ভট্টাচার্য্য’ ডিলার পয়েন্টে যান। সেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত সার পাননি চাষিরা। একপর্যায়ে চাহিদা অনুযায়ী সার না দিয়েই ডিলার পয়েন্টের বিক্রয় কেন্দ্র হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত কৃষকেরা। ভরা মৌসুমে সময়মতো জমিতে সার দিতে না পারলে আমন উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা প্রকাশ করে বাধ্য হয়েই সড়ক অবরোধের পথ বেছে নেন তারা।
অবরোধের ফলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উভয় পাশে শত শত পাথরবাহী ও পণ্যবাহী ট্রাকসহ নানা ধরণের অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে ওই এলাকায় দীর্ঘ ও তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও দূরপাল্লার সাধারণ যাত্রীরা।
—জা. অর্থনীতি/এলএটি