Print Date & Time : 28 October 2026 Wednesday 05:48 am

প্রস্তাবিত পুলিশ লাইন্স ও ট্রাফিক স্থাপনা পরিদর্শনে কমিশনার

image

 সিলেট প্রতিনিধি: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সার্বিক প্রশাসনিক গতিশীলতা ও ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে শহরের বিভিন্ন প্রস্তাবিত স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

শনিবার (৮ আগস্ট) সকাল থেকে তিনি এসএমপির বিভিন্ন প্রস্তাবিত স্থাপনার নির্ধারিত জমি এবং চলমান ট্রাফিক পুলিশ বক্সগুলোর সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার প্রথমে সাগরদিঘীর পাড়ে এসএমপির প্রস্তাবিত পুলিশ লাইন্সের জন্য বরাদ্দকৃত জমি ঘুরে দেখেন। এরপর তিনি আলমপুরে অবস্থিত ট্রাফিক ডাম্পিং ইয়ার্ড, চৌহাট্টা ট্রাফিক পুলিশ বক্স এবং চণ্ডিপুলে নতুন ট্রাফিক পুলিশ বক্স নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

এ সময় তিনি ডাম্পিং ইয়ার্ডের অবকাঠামোগত অবস্থা, সার্বিক ব্যবস্থাপনা ও ট্রাফিক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এসব স্থাপনার সার্বিক উন্নয়ন, প্রয়োজনীয় সংস্কার এবং সড়ক পরিবহন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ কমিশনারের সঙ্গে এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এবং অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়সহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি