Print Date & Time : 26 October 2026 Monday 04:19 am

কেন এআই বিনিয়োগকারীদের নজরে এখন মালয়েশিয়া?

image

প্রযুক্তি ডেস্ক: এক সময় আন্তর্জাতিক অঙ্গনে মালয়েশিয়ার নাম বেশি শোনা যেত ওয়ানএমডিবি কেলেঙ্কারি নিয়ে। এখন সেই দেশটিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সেমিকন্ডাক্টর শিল্পে বৈশ্বিক বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে উঠে এসেছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মালয়েশিয়ায় চিপ উৎপাদন, ডেটা সেন্টার এবং এআই অবকাঠামোতে বিপুল বিনিয়োগ করছে। এর মধ্যে রয়েছে- ইনফিনিয়ন টেকনোলজিস, এনভিডিয়া, বাইটড্যান্সের মতো প্রতিষ্ঠান।

তবে এখানেই শেষ নয়। মালয়েশিয়ার সারাওয়াক, জোহর ও পেনাং এখন নতুন বিনিয়োগের প্রধান কেন্দ্র। বিশেষ করে জোহরে ডেটা সেন্টার এবং পেনাংয়ে সেমিকন্ডাক্টর শিল্পে নতুন প্রকল্প দ্রুত বাড়ছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী, এআই সম্পর্কিত হার্ডওয়্যার রপ্তানিতে মালয়েশিয়া বিশ্বের শীর্ষ চার নিট রপ্তানিকারক দেশের একটি। 

আর এইচএসবিসির বিশ্লেষণে বলা হয়েছে, দেশটির ডেটা সেন্টার বিনিয়োগ মোট দেশজ উৎপাদনের প্রায় ১৮ শতাংশে পৌঁছেছে, যা বিশ্বে সর্বোচ্চ।

প্রশ্ন হচ্ছে, এই অগ্রগতির পেছনে কী কাজ করছে? বিশ্লেষকদের মতে, দক্ষ ইংরেজিভাষী জনবল, তুলনামূলক কম উৎপাদন ব্যয়, বিদ্যমান শিল্পভিত্তি এবং রাজনৈতিকভাবে তুলনামূলক স্থিতিশীল পরিবেশ বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে।

মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, এআই, ইলেকট্রনিক্স রপ্তানি ও পর্যটনের গতি দেশটির অর্থনীতিকে শক্তিশালী রাখতে পারে।