Print Date & Time : 27 October 2026 Tuesday 07:28 am

ফ্যাসিবাদের পুনরুত্থান হলে প্রতিরোধের হুঁশিয়ারি রিজভীর

image

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ একবার ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। ভবিষ্যতেও যদি কোনো স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা হয়, তবে জনগণ তা প্রতিরোধে আবারও অনুপ্রাণিত হবে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর গুলশানে জুলাই গণঅভ্যুত্থান ও গত ১৭ বছরের আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া ভারতের দ্বিমুখী নীতির প্রকাশ। শেখ হাসিনার প্রতি ভারতের এই অবস্থান বাংলাদেশের মানুষের অনুভূতির প্রতি অসম্মান।

এ সময় ভারতের দিল্লিতে একটি অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘটনাকে কেন্দ্র করে ভারত সরকারের কঠোর সমালোচনা করেন রিজভী। 

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন ফ্যাসিবাদী শাসকের সঙ্গে শেখ হাসিনার তুলনা করা যায়। অতীতের স্বৈরশাসকরা যেমন দমন-পীড়ন চালিয়েছে, তেমনি শেখ হাসিনার শাসনামলেও মানবাধিকার লঙ্ঘন, অর্থপাচার, ব্যাংক লুট ও রাষ্ট্রীয় সম্পদ দখলের অভিযোগ রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, আবার যদি ফ্যাসিস্টদের কোনো ধরনের আধিপত্য দেখা যায়, তবে তাদের বিরুদ্ধে লড়তে আমরা অনুপ্রাণিত হবো।

—জা. অর্থনীতি/এনজে