Print Date & Time : 08 November 2026 Sunday 02:03 am

এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার

image

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে একই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দিয়েছিল এনসিপি।

বুধবার (৫ আগস্ট) ভোরে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম দাবি করেন, বগুড়া জেলা বিএনপির এক নেতার দায়ের করা মামলায় ভোর ৪টার দিকে তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে।

তানভীরের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া একটি পোস্টকে দল সমর্থন করেনি। বিষয়টি জানানো হলে তানভীর পোস্টটি মুছে ফেলেন এবং পরে আরেকটি পোস্টে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেন।

সারজিস আলম লিখেছেন, ‘একটা মানুষ তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটা লেখা লিখল, সেটা লেখা উচিত হয় নাই বুঝতে পেরে ডিলিট করল, ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করল...পার্টি থেকে শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। এতকিছুর পরও বিএনপি এবং তারেক রহমানের পুলিশ তাদের ক্ষমতা দেখাইল!’

বিএনপির বর্তমান আচরণের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘যে জুলুমে বিএনপি ১৬ বছর ধরে নিপীড়িত ছিল, আজকে ক্ষমতার পালাবদলে তারা সেই একই চরিত্র দেখানো শুরু করেছে।’

এ ছাড়া সিলেটে ছাত্রদলের হামলায় আহত ছাত্রশক্তির কর্মী আলিফের চোখ নষ্ট হওয়ার ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার না করা নিয়েও প্রশ্ন তোলেন এই এনসিপি নেতা।

গাজী সালাউদ্দীন তানভীরকে এনসিপি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম ও পাঠ্যবই ছাপার কাগজের কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠার পর তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীকালে তিনি পুনরায় দলে ফিরে আসেন।

—জা.অর্থনীতি/এএইচএ