নিজস্ব প্রতিবেদক: জুলাই হত্যাকাণ্ডের দায় কার, কীভাবে নিশ্চিত হবে বিচার এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কী করা প্রয়োজন—এসব প্রশ্নকে সামনে রেখে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ছায়া সংসদ। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই বিতর্কে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই আন্দোলন ছিল একটি ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলন এবং জুলাই হত্যাকাণ্ডের দায় এড়ানোর সুযোগ কারো নেই। তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে। তিনি মন্তব্য করেন, ফ্যাসিবাদী শক্তির রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ নেই এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
ছায়া সংসদে সরকারি দল হিসেবে গণবিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর শিক্ষার্থীরা অংশ নেন। বিতর্কের বিষয় ছিল—"জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি।"
বিতর্ক শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ী দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
আয়োজকদের মতে, জুলাই হত্যাকাণ্ড, বিচার এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে তরুণদের অংশগ্রহণমূলক এ ধরনের বিতর্ক জবাবদিহি, রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
—জা.অর্থনীতি/আইবিএম