Print Date & Time : 28 October 2026 Wednesday 03:43 am

কাদা-পানিতে একাকার সড়ক, গ্রামের মানুষের চরম দুর্ভোগ

image

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দাড়িয়ার পাড় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথসহ ধানশাইল ইউনিয়নের সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কটি বর্ষাকালে কাদা-পানিতে একাকার হয়ে পড়েছে। ফলে সড়কটি দিয়ে চলাচলকারী কয়েক গ্রামের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা মিলে প্রায় দুই হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এই পথ দিয়ে বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কটির করুণ দশার কারণে কোমলমতি শিক্ষার্থীদের কাদা ডিঙিয়ে স্কুলে যেতে হচ্ছে, এতে প্রায়ই পোশাক, জুতা ও বইপত্র নষ্ট হয়ে ব্যাহত হচ্ছে তাদের পড়াশোনা। পাশাপাশি শেরপুর সদর ও ঝিনাইগাতীর বিভিন্ন কলেজে যাওয়া শিক্ষার্থীরা বিকল্প দীর্ঘ পথ ব্যবহারে সময় ও বাড়তি খরচের মুখে পড়ছেন।

বর্ষা মৌসুমে দাড়িয়ার পাড় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের উৎকণ্ঠা আরও বহুগুণ বেড়ে যায়। উপজেলা শিক্ষা কর্মকর্তার কোনো সাড়া না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, দুই ইউনিয়নের এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণ করা হলে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগের স্থায়ী সমাধান হবে।

—জা. অর্থনীতি/এলএটি