Print Date & Time : 07 November 2026 Saturday 03:41 pm

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

image

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে নগরের বাঁশবাড়ি কলোনীতে স্বামী শফিকুল ইসলামকে শপু হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (২৯ জুলাই) দুপুরে  বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। 

মামলার বিবরণ থেকে জানা যায়, নিহত শফিকুল ইসলাম শপু মাহমুদা আক্তার ঝুমুকে বিয়ে করে নগরের বাঁশবাড়ী কলোনিতে বসবাস করতেন। তাদের একটি ছেলেসন্তান রয়েছে।

পরবর্তীতে নিহত শপু নগরীর হাবুন ব্যাপারী মোড় এলাকার বাসিন্দা আফরোজা শেখ ইতির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাকে বিয়ে করেন। বিয়ের পর শপু তার প্রথম স্ত্রী এবং সন্তানের সঙ্গে যোগাযোগ রাখলে এ নিয়ে দ্বিতীয় স্ত্রী ইতির সঙ্গে শপুর প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকত। বিষয়টি মেনে নিতে না পেরে ২০১৯ সালের ১০ জুন সন্ধ্যায় ইতি শপুকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে হাবুন ব্যাপারী মোড় এলাকার বাড়ির সামনের পচা পুকুরে কচুরিপানার ভেতরে লুকিয়ে রাখেন।

পরে ১৩ জুন পচা পুকুরে কচুরিপানার ভিতরে শপুর হাত দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই শপুর মা নুরুন্নাহার বাদী হয়ে ইতি ও তার ভাই দ্বীন ইসলামকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় তদন্ত ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ, আইনজীবীদের যুক্তি তর্ক শেষে আদালত অভিযুক্ত ইতিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এ ছাড়াও দ্বীন ইসলামের বিরুদ্ধে অভিযাগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন।

—জা. অর্থনীতি/এলএটি