Print Date & Time : 08 November 2026 Sunday 09:44 am

পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

image

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মিঠামইন থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেন। 

বুধবার(২৯ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু রিফাত মিয়া (৪) ও তার ছোট বোন সাফা আক্তার (২)। তারা রুবেল মিয়ার সন্তান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, বুধবার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল রিফাত ও সাফা। একপর্যায়ে অসাবধানতাবশত সাফা পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বড় ভাই রিফাতও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।

মিঠামইন থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি