Print Date & Time : 23 October 2026 Friday 01:57 pm

আদালতের আদেশ অমান্য: ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

image

সিরাজগঞ্জ প্রতিনিধি: আদালতের আদেশ অমান্য এবং আদালত ও বিচারক সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 

গত রোববার (২৭ জুলাই) সিরাজগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের (শাহজাদপুর চৌকি) বিচারক মো. শানু আকন্দ এ আদেশ দিয়েছেন। 

আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ মে শাহজাদপুর সিনিয়র সিভিল জজ আদালতে বিচারাধীন একটি মামলায় ইউএনও সাবরিনা শারমিনকে আদালতের ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন সীমানা প্রাচীরের কাজ বন্ধ না করার নির্দেশ দেওয়া হয়। তবে ইউএনও ওই নির্দেশ উপেক্ষা করে গত ২১ জুন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়ে নির্মাণকাজ বন্ধ রাখতে বলেন। এ ঘটনায় আদালতের আদেশ লঙ্ঘনের অভিযোগ এনে তার বিরুদ্ধে একটি ভায়োলেশন মামলা করা হয়।

মামলার শুনানিতে বলা হয়, ইউএনও আদালতে দাখিল করা লিখিত আপত্তিতে বিচারক, আদালত ও আদালতের আদেশ সম্পর্কে আপত্তিকর, কুৎসাজনক ও অবমাননাকর মন্তব্য করেছেন। এসব বক্তব্যের ব্যাখ্যা দিতে তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি উপস্থিত হননি। অসুস্থতার কারণ দেখিয়ে মামলার কার্যক্রম স্থগিতের আবেদন করেন, যা আদালত তা নামঞ্জুর করেন।

বিচারক বলেন, একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আদালত ও বিচারকের প্রতি এ ধরনের আচরণ পেশাগত নৈতিকতা ও দায়িত্ববোধের পরিপন্থি। আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের মর্যাদা রক্ষার স্বার্থে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আদালতকে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাবরিনা শারমিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি আদালতের বিচারাধীন বিষয়। তাই আমার বক্তব্য দেওয়ার সুযোগ নেই।

প্রসঙ্গত, শাহজাদপুর চৌকি আদালতের নিরাপত্তার স্বার্থে সীমানা প্রাচীরের নির্মাণকাজ ইউএনও আদালতের আদেশ অমান্য করে বন্ধ করে রেখেছেন। এছাড়াও বিষয়টি তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিতের নিকট অভিযোগও করেছিলেন। 

—জা. অর্থনীতি/এনজে