অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের 'বিতর্কিত' একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন জেলা প্রশাসক (ডিসি)-সহ ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
৩২ জন ওএসডি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকা যুগ্ম সচিবদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জনস্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাদের অবসরে পাঠানো হয়েছে বলে জানানো হয়। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধাদি ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন এই কর্মকর্তারা। প্রশাসনিক সংস্কার ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের পর্যালোচনার অংশ হিসেবে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।
বাধ্যতামূলক অবসরে পাঠানোর আগে এই কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হিসেবে কর্মরত ছিলেন।
—জা.অর্থনীতি/আইবিএম