কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী-ভৈরব সড়কের গজারিয়া বাজারসংলগ্ন এলাকায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় হাসিম মিয়া (৫৫) নামে এক সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রোববার (২৬ জুলাই) বিকেলে কটিয়াদী-ভৈরব সড়কের গজারিয়া বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিম মিয়া কটিয়াদী উপজেলার উত্তর লোহাজুরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত রুসমত আলীর ছেলে। তিনি পেশায় জাল বোনার কারিগর ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, গ্রামের সংযোগ সড়ক থেকে সাইকেল নিয়ে মূল সড়কে ওঠার সময় দ্রুতগামী একটি মাছবাহী পিকআপ সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাইকেল আরোহী ছিটকে পড়েন। আমাদের ধারণা সাথে সাথে তার মৃত্যু হয়েছে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়৷
হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর এসআই নবিনুর রহমান বলেন, পিকআপটি আমাদের হেফাজতে রয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ গোলাম কিবরিয়া জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশের ইনচার্জ জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
—জা. অর্থনীতি/এলএটি