Print Date & Time : 08 November 2026 Sunday 11:12 am

ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা

image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের মেরঠে প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে হত্যার অভিযোগে এক নারী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ২০ লক্ষ টাকার বিমার অর্থ হাতাতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, নিহত অতুল পওয়ার ও তার স্ত্রী দামিনী একটি শিশু বিদ্যালয় পরিচালনা করতেন। শুক্রবার সকালে অতুলের মৃত্যুর পর দামিনী দাবি করেন, সাপের কামড়ে তার স্বামীর মৃত্যু হয়েছে। পরে অতুলের বিছানা থেকে একটি বিষধর সাপও উদ্ধার হয়।

তবে অতুলের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘরবাড়ির পরিস্থিতি এবং ঘটনাস্থলের বিভিন্ন অসঙ্গতি দেখে তদন্তকারীদের সন্দেহ হয়। পরে তদন্তে জানা যায়, বিদ্যালয়ের গাড়িচালক তুষারের সঙ্গে দীর্ঘদিন ধরে দামিনীর প্রেমের সম্পর্ক ছিল।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে জানা গেছে, অতুলকে হত্যার পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল। অভিযোগ, ঘটনার রাতে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অতুলকে পান করান দামিনী। তিনি ঘুমিয়ে পড়ার পর তুষারের আনা বিষধর সাপ বিছানায় ছেড়ে দেওয়া হয়। তদন্তে আরও জানা যায়, অতুলের নামে ২০ লক্ষ টাকার জীবনবিমা ছিল এবং সেই অর্থ পাওয়ার উদ্দেশ্যেই এই হত্যার পরিকল্পনা করা হয়। এ ঘটনায় আরও দুই সহযোগীকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

তদন্তকারীরা জানান, অভিযুক্তদের মোবাইল ফোনে বিষধর সাপের ছবি ও সংশ্লিষ্ট তথ্য পাওয়ার পরই সন্দেহ আরও জোরালো হয়। এরপর দামিনী ও তুষারকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত চলছে।

জা.অর্থনীতি/এসআই