Print Date & Time : 28 October 2026 Wednesday 02:08 am

অভিষেকের কার্যালয়ে 'বুলডোজার অভিযান'

image

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পাঁচতলা কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।

শনিবার (১৮ জুলাই) সকাল থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলায় তিনটি বুলডোজার দিয়ে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। কোনো বৈধ বিল্ডিং প্ল্যান ও অনুমোদনের নথি না থাকায় প্রশাসন এই পদক্ষেপ নেয় বলে জানানো হয়।

প্রশাসনের দাবি, কার্যালয়টি সম্পূর্ণ বেআইনিভাবে গড়ে তোলা হয়েছিল। এটি 'লিপস অ্যান্ড বাউন্ডস' নামের একটি সংস্থার কেনা জমির ওপর নির্মিত এবং সংশ্লিষ্ট নথিতে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এই নির্মাণের ক্ষেত্রে কোনো অনুমোদিত বিল্ডিং প্ল্যান বা আইনি নথি জমা দেওয়া হয়নি।

প্রশাসনিক সূত্র অনুযায়ী, গত ৩০ জুন এবং ৭ জুলাই কার্যালয়ের ঠিকানায় দুইবার নোটিশ পাঠানো হয়। এছাড়া ১৫ জুলাই জেলা প্রশাসনের দপ্তরে বৈধ নথিপত্র পেশ করার নির্দেশ দেওয়া হলেও কেউ হাজিরা দেননি বা কোনো জবাব দেননি। এরপরই ডিএম, এসডিও এবং বিডিও সম্মিলিতভাবে বৈঠক করে বেআইনি ভবনটি ভেঙে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

উচ্ছেদ অভিযান ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুরো এলাকা ঘিরে বিপুল সংখ্যক রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও ফায়ার সার্ভিস মোতায়েন করা হয়েছিল। ঘটনাস্থলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালীন ঘটনাস্থলের আশপাশে জড়ো হয়ে বিজেপি কর্মী-সমর্থকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তবে এই উচ্ছেদ অভিযানের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: এএনআই।

—জা.অর্থনীতি/আইবিএম