বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। নব্বইয়ের দশক থেকে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই তারকা আজও সমানভাবে আলোচনায়। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার ডট কম-এর ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা গ্রহণ করতে গিয়ে বাংলা সিনেমা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী এবার জানালেন বাংলা সিনেমায় অভিনয়ের আগ্রহের কথা। সুযোগ ও উপযুক্ত গল্প পেলে বাংলা চলচ্চিত্রে কাজ করতে চান বলে জানিয়েছেন বলিউডের এই গুণী তারকা।
অনেকেরই হয়তো জানা, কাজলের শেকড় বাংলায়। তবে বাংলাটা ঠিকঠাক বলতে পারেন না তিনি। পুরস্কার গ্রহণের পর তার কাছে জানতে চাওয়া হয়, বাংলা সিনেমা দেখেন কি না। জবাবে অকপটে জানান, ‘না’। তবে সময়-সুযোগের সমন্বয় ঘটলে বাংলা সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন অভিনেত্রী।
কাজলের মা তনুজা ভারতের খ্যাতিমান অভিনেত্রী। হিন্দির পাশাপাশি বাংলায়ও তার দাপট ছিল বেশ। কাজল কি মায়ের মতোই হতে পেরেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো চেষ্টা করে চলেছি। মা অনেক বড় মাপের অভিনেত্রী। সারাজীবন মায়ের দেখানো পথেই হেঁটে এসেছি।’
কথার ফাঁকে কাজল এ-ও জানান, তিনি ভীষণ নিয়মমাফিক চলেন। তার ভাষায়, ‘আমি ভীষণ শৃঙ্খলাপরায়ণ। বলিউডের খুব কম লোক আছেন, যারা সঠিক সময়ে সেটে আসেন, আমি কিন্তু তাদের মধ্যে একজন। আবার ঠিক সময়ে সেট থেকে বেরিয়েও পড়ি। এটাই আমার স্বভাব।’
প্রসঙ্গত, এবার কাজল ছাড়াও আনন্দবাজারের ‘বছরের বেস্ট’ পুরস্কার পেয়েছেন পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ অনেকে।
—জা. অর্থনীতি/এনএ