মৌলভীবাজার প্রতিনিধি: দেশের বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের পরিচিত মুখ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব আর নেই। সকালে হঠাৎ করে সীতেশ রঞ্জনের শারীরিক অবস্থার অবনতি হলে, পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা দিলে পথেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সীতেশ রঞ্জন দেবের নাতি রাজদ্বীপ দেব।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টায় শ্রীমঙ্গলে নিজ বাসস্থানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। সীতেশ রঞ্জন দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং বাসায় চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে নিজ গ্রাম নোয়াগাঁওয়ে তার শেষকৃত্য কাজ অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, বন্য প্রাণীর প্রতি সীতেশ রঞ্জনের আগ্রহের শুরু কৈশোরে। বন্যপ্রাণী প্রেমীদের কাছে ‘সীতেশ বাবু’ নামে পরিচিত ছিলেন তিনি। কয়েক দশক ধরে নীরবে কাজ করে গেছেন আহত, অসুস্থ ও বিপন্ন বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনে। ১৯৯০-এর দশকে শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে তিনি গড়ে তোলেন দেশের প্রথম বেসরকারি বন্যপ্রাণী চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র। তার হাত ধরেই লাউয়াছড়া ও আশপাশের বন থেকে উদ্ধার হওয়া অসংখ্য বানর, হনুমান, কচ্ছপ, সাপ, পাখি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।
বন বিভাগ বলেন, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ বিপন্ন কোনো বন্যপ্রাণী দেখলেই ছুটে যেতেন সীতেশ বাবু’র কাছে। তার মানবিকতা ও নিষ্ঠার কারণে তিনি পরিণত হয়েছিলেন দেশের বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের এক জীবন্ত প্রতীকে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সীতেশ রঞ্জন দেবের দেখানো পথ ধরেই ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তার মৃত্যুর খবরে শোক নেমে এসেছে শ্রীমঙ্গলসহ সারাদেশের পরিবেশকর্মী ও বন্যপ্রাণীপ্রেমীদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে ‘বন্যপ্রাণীদের প্রকৃত অভিভাবক’ বলে শ্রদ্ধা জানিয়েছেন।
—জা. অর্থনীতি/এলএটি