Print Date & Time : 08 November 2026 Sunday 10:52 am

স্বৈরাচার পতনের ঐক্য ধরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

image

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে যেভাবে সবাই মিলে স্বৈরাচারকে বিদায় দিয়েছে, একইভাবে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সোমবার (১৩ জুলাই) বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। একটি নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যেমন সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছিল, তেমনি সম্প্রতি সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে আন্দোলন করে স্বৈরাচারকে বিদায় দিয়েছে। এই ঐক্য দেশের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার কাজে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

পরিবেশ রক্ষাকে সরকারের একার দায়িত্ব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। তিনি সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, হাসপাতাল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

সাগরদী খালের পরিচ্ছন্নতা রক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, খালে প্লাস্টিকের বোতল, পলিথিন বা অন্য কোনো বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সিটি কর্পোরেশনকে খালের পাশে থাকা ডাস্টবিন ব্যবহারে জনসচেতনতা বাড়ানো এবং বাসাবাড়ির বর্জ্য ও পয়োনিষ্কাশনের সংযোগ খালে না দেওয়ার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান, বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করেন। বরিশাল সফরের শেষ কর্মসূচি হিসেবে তিনি শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

জা.অর্থনীতি/এসআই