Print Date & Time : 08 November 2026 Sunday 06:26 pm

সিলেটের ১০ উপজেলা হাসপাতাল উন্নীত করার সিদ্ধান্ত

image

সিলেট প্রতিনিধি: সিলেটের ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও প্রসারিত হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরিফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মোট ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। এর মধ্যে সিলেট জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। হাসপাতালগুলো হলো— সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, বিশ্বনাথ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সেবার পরিধি বহুগুণ বাড়ানো হবে। এতে করে স্থানীয় পর্যায়েই জটিল রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে, যা জেলা সদর ও বিভাগীয় হাসপাতালের ওপর অতিরিক্ত রোগীর চাপ কমাতে বড় ভূমিকা রাখবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটের প্রত্যন্ত অঞ্চলের মানুষ নিজ নিজ উপজেলাতেই অধিকতর মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) সংসদীয় আসনের এই দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় অনুমোদন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ওই আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

—জা. অর্থনীতি/এলএটি